বিয়ের আগে জাতীয় দলে কয়েকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন সাব্বির। তবে বিয়ের আগে থেকেই নিজেকে গোছালো ছিলেন বলে দাবি করেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। সাব্বির বলেন, ‘বিয়ে আল্লাহর একটা নেয়ামত। এটা অশেষ রহমতের জিনিস।
বিয়ের মাধ্যমে জীবনে পূর্ণতা এসেছে জানিয়ে এই ক্রিকেটার বলেন, ‘বিয়ের ছয় বছর আগে থেকে ও (স্ত্রী) আমার পরিচিত ছিল। আমি কেমন ছেলে ও জানে। তবে বিয়ের আগে তো এক সঙ্গে ছিলাম না। বিয়ের পর এক সঙ্গে থাকছি।
এখন সে আমাকে আরো ভালো জানতে পারছে। ক্রিকেটে যেমন পার্টনারশিপ গুরুত্বপূর্ণ, তেমনি জীবনেও। আমার কাছে সে আশীর্বাদস্বরূপ।
করোনাভাইরাসের এই সময়ে বাসায় থেকে স্ত্রীকে রান্নায় সাহায্য করছেন সাব্বির। স্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘সে অনেক ভালো রান্না করে। প্রতিদিন বিশেষ কিছু রেঁধে খাওয়ায়। আমি তো ছেলেমানুষ, তেমন রান্না পারি না।
গত দুই মাসে কাছ থেকে দেখে যা বুঝেছি রান্না করা অনেক কঠিন কাজ। তাই যখন ও রান্না করে তখন সাহায্য করি। ভাত ঠিকঠাক করে দিই, খিচুড়ি রাঁধি, মাছ ভাজি, ডাল নেড়ে দিই। তবে চুলার পাশে সারাদিন থাকা অনেক কঠিন।’

0 Comments