নৌপথে বের হলেই ব্যবস্থা নেবে পুলিশ।



দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে চারজনের। এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৬২১। মৃতের সংখ্যা ৩৪ জন। পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন স্থানে লকডাউন করা হচ্ছে। কিন্তু লকডাউনের নির্দেশনা অমান্যের খবরও মিলছে।
এমতাবস্থায় নৌপথে বিভিন্ন পয়েন্টে জনসমাগম সীমিত রাখা এবং যথার্থভাবে লকডাউন বাস্তবায়নে নজরদারি বৃদ্ধি করেছে নৌ পুলিশ। প্রয়োজনীয়সংখ্যক স্পিড বোট, রশদ ও অস্ত্র-শস্ত্রসহ রোববার নৌ পুলিশ ৭ টি জাহাজ মোতায়েন করেছে। জাহাজগুলোর পাশাপাশি স্থানীয়ভাবে নৌপুলিশ স্টেশনের স্পিড বোটগুলো নিজস্ব জনবল নিয়ে কাজ করবে।


নৌ পুলিশের লিগ্যাল মিডিয়া অ্যান্ড ট্রেনিং বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নির্দেশে নৌপথের নিরাপত্তা, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নদীতে জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণ এবং চলমান জাটকা সংরক্ষণ অভিযান জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয়সংখ্যক স্পিড বোট, রশদ ও অস্ত্র শস্ত্রসহ সাতটি জাহাজ মোতায়েন করা হয়েছে।
মীর কাদিম, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, কলাগাছিয়া, গজারিয়ায় ২টি জাহাজ, হাইমচর, চররাজেশ্বর, হরিনা, নীলকমলে ২টি জাহাজ, পাটুরিয়া, আরিচা সংলগ্ন পদ্মানদীতে ১টি লঞ্চ, হিজলা ও মেহেন্দি গঞ্জে, মেঘনা নদীতে ২টি জাহাজ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাজগুলো ওসব এলাকায় অবস্থান করবে। এবং নৌপুলিশ সদস্যরা করোনা নিয়ন্ত্রণে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি বলেন, এর উদ্দেশ্য নদীর বিভিন্ন পয়েন্টে জনসমাগম সীমিত রাখা এবং যথার্থভাবে লকডাউন রক্ষার্থে নজরদারি বৃদ্ধি করা। জাহাজগুলোর পাশাপাশি স্থানীয়ভাবে নৌপুলিশ স্টেশনের স্পিড বোটগুলো নিজস্ব জনবল নিয়ে কাজ করবে। এ সময় সামাজিক দূরত্ব (৩ ফিট) মেনে না চলে ছোট ছোট ট্রলারে করে নদী পার হতে চেষ্টা করছেন অনেকে। যারা নিয়ম ভেঙে নদীতে যাতায়াত করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, নৌপুলিশ নদীতে শৃঙ্খলা রক্ষাসহ জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রেখেছে। আজ মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে পঞ্চসার ইউনিয়নের পশ্চিম টোল প্লাজার সামনে ১টি ট্রাক থেকে ৩ টনের বেশি জাটকা উদ্ধারসহ ৬ জনকে আটক করা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) ওউপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় বেদে পল্লী ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি আটক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Post a Comment

0 Comments