শুভ নববর্ষ ১৪২৭: সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। ১৪২৬ কে বিদায় জানিয়ে চলে এলো বাংলা আরেকটি বছর ১৪২৭। আমরা ইংরেজি সালের হিসাবে দিনক্ষণের হিসাব রাখলেও বাংলা বছরকে স্বাগত জানানো আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি। প্রতি বছরই আমরা সারাদেশ ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকি। যদিও এবারই প্রথম করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছে বাংলা নববর্ষের সবরকম আয়োজন। ঘরবন্দী অবস্থাতেই এবারে স্বাগত জানাতে হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৭ কে।
রাজধানী ঢাকাসহ সারা দেশজুড়ে কোথাও কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না। বসবে না কোনো মেলা। বছরের প্রথম প্রভাতেই রমনার বটমূলের ঐতিহ্যবাহী সংগঠন ‘ছায়ানট’ ভোরের সূর্য দেখার সঙ্গে সঙ্গেই সরোদবাদন দিয়ে বর্ষবরণের মূল অনুষ্ঠান এবার হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এবার বের হবে না মঙ্গল শোভাযাত্রা। শাহবাগ থেকে পল্টন মোড়, শেরাটন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বাংলা একাডেমি ও কার্জন হল পর্যন্ত বৈশাখের মেলা বসবে না। থাকবে না শিশুদের কাঁধে নিয়ে বাবা মায়ের ঘাম ঝরানো সেই উৎসবের আমেজ।




0 Comments