৭ বাংলাদেশির মৃত্যু নিউ ইয়র্কে চিকিৎসকসহ।



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরো একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথমদিনে নিউ ইয়র্কের ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
একই দিন আরো ছয় বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে অন্তত ১৩৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। মারা যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন এনাম উদ্দিন, বীণা মজুমদার, এম রহমান মুক্তা, রানা বেগম ও একজন নারী। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসক শামীম আল মামুনের মৃত্যু হয়। তিনি সিলেট মেডিক্যাল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া নিউ ইয়র্কে ১৪ এপ্রিল একদিনে ৩ হাজার ৭৭৮ জনের মৃত্যুর হিসাব যুক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। শুধু নগরীর পাঁচ বরোতেই ৭ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে।
নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, প্রতিটি মৃত্যু বেদনার। হাসপাতালে ভর্তির হার কমে এলেও অসুস্থ মানুষের মৃত্যু হচ্ছে।
নগরীর অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। কৃষ্ণাঙ্গ, হিস্পানিকসহ বাংলাদেশি জনবসতি এলাকা করোনার আতঙ্কের এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। চিকিৎসা সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। 


Post a Comment

0 Comments