করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই দরজায় কড়া নাড়ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেড়ে গেছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। রমজানে উল্লেখযোগ্য পণ্যের মধ্যে ছোলা অন্যতম। কিন্তু রোজা শুরু না হতেই বেড়ে গেছে পণ্যটির দাম।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদন বলছে, গত এক মাসে অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়া নিত্যপণ্যগুলোর মধ্যে ছোলার দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, পণ্যটির আমদানিও গত বছরের তুলনায় বেশি হয়েছে। এ বছর ছোলা আমদানি হয়েছে ৫২ হাজার টন। যা গত বছরের তুলানায় ৮ হাজার টন বেশি।
রাজধানীর মোহাম্মদপুর, হাতিরপুল, রামপুরাসহ কয়েকটি বাজারে খবর নিয়ে জানা যায়, বাজারে প্রতি কেজি ছোলা ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে।অথচ এক মাস আগেও প্রতি কেজি ছোলা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। যদিও খুচরা বিক্রেতারা বলছেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে বাজারে ছোলা সরবরাহ বিঘ্নিত হওয়ায় দাম বেড়েছে।
হানিফ নামের একজন ক্রেতা জানান, রোজা আসতে না আসতেই নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। রোজা এলেই পণ্যের দাম বেড়ে যাওয়াটা যেন আমাদের দেশের রীতি হয়ে গেছে। এক মাস আগেও ছোলা ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছে। রোজা না আসতেই এক লাফে এখন ৮০ টাকা। আরো যে বাড়বে না তারও নিশ্চয়তা নেই।


0 Comments