করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির এক মাস পার হয়েছে। ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা যথাসময়ে পাঠ্যসূচি শেষ করতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বেশি অনিশ্চয়তায় ভুগছে। তবে এই সংকট কাটাতে শিক্ষা মন্ত্রণালয় এরইমধ্যে সংসদ টেলিভিশনে দেশের বিশিষ্ট শিক্ষকদের দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠদান শুরু করেছে। কিন্তু এতে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না। তাছাড়া সংসদ টেলিভিশন কেবল অপারেটরের মাধ্যমে পরিচালিত হওয়ায় গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই চ্যানেলটি দেখতে না পাওয়ায় পাঠদানে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হচ্ছে।
তবে এই অবস্থায় পাবনার ভাঙ্গুড়া পৌরশহরে কয়েকজন প্রতিভাবান তরুণ শিক্ষক মাধ্যমিক পর্যায়ে ফেসবুকে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রতিদিন এক ঘণ্টা করে পাঠদান কার্যক্রম চালাচ্ছেন। এতে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ততাও দেখা যাচ্ছে। কোনো পারিশ্রমিক ছাড়া উন্মুক্তভাবে এই পাঠদান কার্যক্রম চালাচ্ছে শিক্ষকরা। শিক্ষার্থীরা তাদের পিতা-মাতার ফেসবুক আইডি থেকে সরাসরি এই পাঠদান কার্যক্রম দেখছে। ক্লাস শেষে প্রয়োজনে শিক্ষার্থীরা মোবাইল ফোনে শিক্ষকের সাথে যোগাযোগ করে অসমাপ্ত বিষয়াদি সমাধান করে নিচ্ছেন।


0 Comments