উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সামাজিক দূরত্ব বজায় রাখুন: তামিম।




বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, করোনাভাইরাসে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, পরিষ্কার-পরিছন্ন থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেছেন, করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথমত- সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে। চোখ, মুখ, নাকে হাত দেয়া যাবে না। দ্বিতীয়ত- সামাজিক দূরত্ব বজায় রাখুন।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন কয়েক লাখ।

করোনাভাইরাস নিয়ে জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খুব প্রয়োজন না হলে বাসার বাইরে যাওয়া যাবে না, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা উচিত।

তামিম আরও বলেন, আমাদের নিজের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। বয়স্কদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। প্রবাসী যারা দেশে ফিরেছেন তাদের প্রতি অনুরোধ- সব নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকুন।

দেশের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহ করা এ তারকা ব্যাটসম্যান আরও বলেন, করোনাভাইরাস নিয়ে কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। আমি ও আমার পরিবার সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি, আপনিও করেন। সবাই দায়িত্ব পালন করলে আমার বিশ্বাস আল্লাহর রহমতে করোনার সংক্রমণ থেক রেহাই পাবই।

Post a Comment

0 Comments